চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

পর্তুগালকে বিদায় বলার কথা ‘ভাবছে না’ রোনালদো, স্বপ্ন শুধু বিশ্বকাপ

পর্তুগালকে বিদায় বলার কথা ‘ভাবছে না’ রোনালদো, স্বপ্ন শুধু বিশ্বকাপ

স্পোটর্স ডেস্ক

১১ জুন, ২০২৬ | ১২:৩৪ পূর্বাহ্ণ

অনেকেই মনে করছেন, বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিই হতে পারে ঘরের মাঠে পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। কিন্তু পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়ে দিয়েছেন, ৪১ বছর বয়সী মহাতারকার ভাবনায় এখন বিদায় নয়, শুধুই বিশ্বকাপ।

 

আন্তর্জাতিক কিংবা পেশাদার ফুটবলকে কবে বিদায় বলবেন, এনিয়ে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেননি রোনালদো। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আসরটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, এটা একরকম নিশ্চিত। পরের বৈশ্বিক আসরের সময় রোনালদোর বয়স হবে ৪৫। ফুটবল ইতিহাসে ওই বয়সে বিশ্বকাপ খেলেছেন কেবল একজন, মিশরের গোলরক্ষক এসাম এল হাদারি।

 

২০০৩ সালে দেশের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এই পর্যায়ে এখন পর্যন্ত ২২৭ ম্যাচ ও ১৪৩টি গোল করেছেন তিনি। দুটিই বিশ্বরেকর্ড।

 

বিশ্বকাপের মূল অভিযান শুরু করার আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার নাইজেরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি তারা খেলবে নিজেদের আঙিনা লেইরিয়াতে। ধারণা করা হচ্ছে, ঘরের দর্শকদের সামনে জাতীয় দলের হয়ে এটাই হতে পারে রোনালদোর শেষ ম্যাচ।

 

এখনও বিশ্ব জয়ের স্বাদ না পাওয়া রোনালদো আসছে ম্যাচকে সেভাবে দেখছেন, বলে মনে করছেন না মার্তিনেস। তার মতে, এখন কেবল বিশ্বকাপে দলকে সহায়তা করার ভাবনা ঘুরে বেড়াচ্ছে পর্তুগিজ গ্রেটের মাথায়।

 

“আমাদের অধিনায়ক তার প্রতিটি কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করে। জাতীয় দলকে সাহায্য করার জন্য দিনের ২৪ ঘন্টাই নিজেকে উজাড় করে দেয়। আমাদের অধিনায়ক ও দলের অন্যরা ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, কারণ তারা চোটে পড়তে পারে, আর কিছু সিদ্ধান্ত আসতে পারে যা তাদের হাতে নেই।”

 

এবারের বিশ্বকাপটি হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এই বয়সেও তিনি পর্তুগালের অন্যতম প্রধান অস্ত্র। মার্তিনেজের অধীনে ৩০ ম্যাচে ২৫ গোল করে তিনি এখনো দলের সবচেয়ে কার্যকর গোলদাতাদের একজন।

 

এদিকে পর্তুগালে বিশ্বকাপ জয়ের প্রত্যাশাও তুঙ্গে। দেশটির প্রেসিডেন্ট অ্যান্তোনিও হোসে সেগেরিও পর্যন্ত দলকে বার্তা দিয়েছেন, ‘যে ট্রফিটি এখনো নেই, সেটি ঘরে নিয়ে আসো।’ সেই মিশনের প্রধান মুখই রোনালদো। যার ওপর পাহাড়সমান প্রত্যাশা সমর্থকদের।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট