চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

সর্বশেষ:

শাকিরাকে দিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

শাকিরাকে দিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

ঐতিহাসিকভাবে শুরু হতে যাচেছ ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এই টুর্নামেন্টের।

 

মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই তিন আয়োজক দেশের তিনটি ভিন্ন স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন ও বৈশ্বিক তারকাদের চোখ ধাঁধানো পরিবেশনা। প্রতিটি আয়োজক দেশের নিজস্ব উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।

 

বিশ্বকাপের এই উদ্বোধনী ত্রয়ীর সূচনা হচ্ছে আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকাতে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।

 

প্রথম দিনের অনুষ্ঠানে মঞ্চ মাতাতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আয়োজকরা নিশ্চিত করেছেন, বিশ্বখ্যাত এই তারকার সঙ্গে যৌথভাবে আরও অংশ নেবেন নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়।

 

তারা পরিবেশন করবেন এবারের আসরের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’।

 

জানা গেছে, মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরও থাকছেন জে বালভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, টাইলা এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা।

 

পর দিন শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে এই মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, এলিয়ানা, জেসি রেয়েজ, সঞ্জয়, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্স এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা।

 

সবশেষে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার, রেমা, টাইলা এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা।

 

এদিকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। ফিফা ও গ্লোবাল সিটিজেন জানিয়েছে, ১৯ জুলাই নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের হাফটাইম শোতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন শাকিরা, ম্যাডোনা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসের মতো তারকারা।

 

বলে  যায়, পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীরা টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই জমকালো আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট