নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার থেকে সরাসরি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা চাকমা। ১-১ গোলের সমতায় শেষ হলো প্রথমার্ধের খেলা। ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে। আর জিতলে দল চলে যাবে ফাইনালে।
খেলার শুরু থেকেই নেপালের মেয়েরা আক্রমণ চালিয়ে বাংলাদেশকে বেশ চাপে রাখে। বল দখল ও আক্রমণ—সবক্ষেত্রেই এগিয়ে ছিল নেপাল। সেই সুবাদে ম্যাচের ২৩ মিনিটে কর্নার থেকে গোল করে নেপালকে এগিয়ে নেন গীতা রানা (১-০)। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের বেশির ভাগ সময় লাল-সবুজের মেয়েরা ভালো কোনো আক্রমণই করতে পারছিল না। উল্টো ৩৬ মিনিটে আরও একটি গোল হজম করতে যাচ্ছিল বাংলাদেশ। তবে নেপালি ফরোয়ার্ড প্রীতি রাজের দূরপাল্লার জোরালো শটটি গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে পোস্টে লেগে ফিরে আসে। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধের খেলা যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই জ্বলে ওঠেন ঋতুপর্ণা চাকমা। পুরো ম্যাচে তাঁকে তেমন পাওয়া যাচ্ছিল না। কিন্তু যোগ করা সময়ে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে ঋতুপর্ণার নেয়া বাঁকানো শট সোজা নেপালের জালে জড়িয়ে যায়। ফুটবলের ভাষায় কর্নার থেকে সরাসরি হওয়া এই ধরনের গোলকে বলে ‘অলিম্পিক গোল’।
পুর্বকোণ/আদর/পারভেজ
















