চলতি মাসে উত্তর আমেরিকায় গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ – গ্রেটেস্ট শো অন আর্থ। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক সমালোচনামূলক সংকটে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদন অনুযায়ী, টিকেটের আকাশছোঁয়া দামের কারণে খেলা দেখার আগ্রহ হারিয়েছেন সাধারণ সমর্থকরা। ফাঁকা গ্যালারির ভূত তাড়া করে বেড়াচ্ছে আয়োজকদের। পরিস্থিতি সামাল দিতে এবার আক্ষরিক অর্থেই ‘বিনামূল্যে’ টিকেট বিলিয়ে স্টেডিয়াম ভরানোর এক নজিরবিহীন কৌশল বেছে নিয়েছে ফিফা।
পরিস্থিতি এতটা ভয়াবহ যে, তা বোঝা যায় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকেটের দাম দেখলেই। গত এপ্রিলে ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মেই এই ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য গিয়ে ঠেকেছিল ৮৯৮ ডলারে- যা টাকার হিসেবে (১ লাখ ১০ হাজার টাকারও বেশি)। এমনকি রিসেল মার্কেটে একটি টিকেটের দাম ২০ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার পর খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।
আতি মূল্যবৃদ্ধির বাজারে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৌদি ফুটবল ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ম্যাচের টিকেট দেওয়ার ঘোষণা দিয়ে অভাক করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সৌদি দূতাবাস বলে “বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে! এই ঐতিহাসিক মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা আমাদের জাতীয় দলের সমর্থকদের জন্য সৌদি আরব বিনামূল্যে টিকেট উপহার দিচ্ছে।”
মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদি আরব। গ্রুপ পর্বে স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে তাদের ম্যাচের টিকেটের দাম ৩ হাজার ডলার পর্যন্ত হাঁকা হলেও হাজার হাজার আসন এখনো অবিক্রীত রয়ে গেছে। ফলে স্টেডিয়ামের সৌন্দর্য রক্ষায় এই ‘ফ্রি’ টিকেটের কৌশলে সবুজ সংকেত দিতে বাধ্য হয়েছে ফিফা।
অন্যদিকে টিকেটের এই হট্টগোল এবার পেীছে গিয়েছে আদালত পর্যন্ত। নিউইয়র্ক ও নিউজার্সির অ্যাটর্নি জেনারেলরা ফিফার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফিফা টিকিট প্রক্রিয়াকে বিভ্রান্তি, কৃত্রিম সংকট আর অসম্ভব চড়া দামের এক গোলকধাঁধায় পরিণত করেছে।”
পূর্বকোণ/আদর
















