চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পাকিস্তানের সাথে ড্র দিয়ে আসর শুরু বাংলাদেশের

পাকিস্তানের সাথে ড্র দিয়ে আসর শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৬ | ৬:১৮ অপরাহ্ণ

ভালো সুযোগ নষ্ট হলো কয়েকটি। শেষ পর্যন্ত কোনো গোলের দেখা তাই মিলল না। চার জাতি ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল। প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে জিততে পারেনি বাংলাদেশ। ড্র দিয়েই শুরু হয়েছে যাত্রা।

 

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চারজাতি আমন্ত্রণমুলক টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান জাতীয় দলের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল।

 

সোমবার (১ জুন) মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে গোটা তিনেক সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অথচ জিতেই মাঠ ছাড়তে পারতো মারুফুল হকের দল।

 

প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন সৌরভ দেওয়ান। মুর্শেদ আলীর বাড়ানো ক্রসে গোলরক্ষককে একা পেয়েছিলেন মোহামেডানের এই ফরোয়ার্ড। তবে তিনি ঠিকঠাক শটটি নিতে পারেননি।

 

আরেকটি সহজ সুযোগ নষ্ট করেছেন মুর্শেদ আলী। বাম দিক থেকে রাহুলের নেয়া ক্রসে তিনি বল-পায়ে সংযোগ ঘটাতে পারেননি। ফলে গোলের জন্য অপেক্ষা বাড়তে থাকে।

 

প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশের পেনাল্টির একটি দাবি এড়িয়ে যান রেফারি। রাহুল বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দিয়েছিলেন পাকিস্তানের ডিফেন্ডার আলি খান নিয়াজি।

 

পাকিস্তানও ভালো দু’টি সুযোগ পায়। ৫৭ মিনিটে বক্সের মাথা থেকে আলমগীর ঘাজি শট নিয়েছিলেন। কিন্তু এই মিডফিল্ডারের শট ফিরে আসে পোস্টে লেগে। আর ৬৬ মিনিটে আলি হায়দারের শট দুর্দান্তভাবে রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

 

শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে। একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১০ জুন।

 

বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশেরই জাতীয় দল অংশ নিয়েছে এ টুর্নামেন্টে। আগামী শুক্রবার সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ থাকায় এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ অলিম্পিক দল।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন