চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন জটিলতায় ফিফা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন জটিলতায় ফিফা

স্পোর্টস ডেস্ক

১ জুন, ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েই শঙ্কা ছিল। আপাতত সেই শঙ্কা কেটেছে, বিশ্বকাপে খেলছে ইরান। তবে বিশ্বকাপ শুরুর মাত্র ১০দিন আগে ইরানের অংশগ্রহণ ইস্যুতে এবার নতুন জটিলতায় পড়েছে ফিফা। সমস্যার মূলে রয়েছে ইরানের ‘লায়ন অ্যান্ড সান’ (সিংহ-সূর্য) খচিত বিপ্লব-পূর্ব পতাকা। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের একটি বিশাল অংশ ক্যালিফোর্নিয়ায় থাকেন, যাদের বেশিরভাগই ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব ও বর্তমান শাসনব্যবস্থার ঘোর বিরোধী। এই প্রবাসী গোষ্ঠীটি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন গ্যালারিতে ইরানের পুরোনো ঐতিহাসিক ‘সিংহ-সূর্য’ খচিত পতাকা প্রদর্শনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

 

কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি, ফিফা তাদের ভেন্যু নির্দেশিকায় এই ঐতিহাসিক পতাকাটি নিষিদ্ধ করতে পারে। এমন গুঞ্জনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রবাসীদের মানবাধিকার সংস্থা ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’।

 

সংস্থাটি সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা জারি হলে বিষয়টি ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতে গড়াবে এবং ফিফাকে সরাসরি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে ফিফা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল তাদের সাধারণ ‘নিষিদ্ধ সামগ্রীর তালিকা’ তুলে ধরে। যেখানে বলা হয়েছে-স্টেডিয়ামের ভেতর ‘রাজনৈতিক, আপত্তিকর এবং/অথবা বৈষম্যমূলক প্রকৃতির’ যেকোনো উপাদান নিষিদ্ধ। তবে এই ঐতিহাসিক পতাকার কোন অংশটি নীতিমালার লঙ্ঘন, তা স্পষ্ট করেনি ফিফা। এদিকে ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ তেহরানে ফিরে সাফ জানিয়ে দিয়েছেন, তাদের বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত অননুমোদিত পতাকার ওপর নির্ভর করছে। তিনি বলেন, আমরা এই শর্তেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাব যে, ইরানের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ইসলামি প্রজাতন্ত্রের (বর্তমান) পতাকা ছাড়া অন্য কোনো পতাকা আনা যাবে না। প্রসঙ্গত এবারের আসরে গ্রুপ ‘জি’-তে থাকা ইরানের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে, দুটি ক্যালিফোর্নিয়ায় এবং একটি সিয়াটলে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন