চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

১ জুন, ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি শুরু হয়ে গেছে ব্রাজিলের। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গোল উৎসব করেছে তারা। পানামাকে গুনে গুনে ৬ গোল দিয়েছে তারা। বিপরীতে দুটি গোল হজম করেছে, যার একটি ছিল আত্মঘাতী।

 

ম্যাচের শুরু থেকেই পানামাকে চাপে রাখে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে। দ্বিতীয় মিনিটেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এগিয়ে যাওয়ার পর অপ্রত্যাশিত ধাক্কা খায় স্বাগতিকরা। ফ্রি-কিক নেন পানামার মাইকেল মুরিলো। সেটি ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে ১-১ গোলে ১৪ মিনিটে সমতা ফেরে পানামা।

 

স্বাগতিক সমর্থকদের আত্মঘাতী গোলের হতাশা দূর করেন ক্যাসেমিরো। ধাক্কা সামলে তার গোলে ৩৯ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

 

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে পানামার রক্ষণভাগকে পাত্তাই দেয়নি ব্রাজিল। রক্ষণের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ৫৩ মিনিটে গোল করেন তরুণ রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। ৮১ মিনিটে পানামার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডিফেন্ডার দানিলো ষষ্ঠ গোলে।

 

ম্যাচে একেবারেই সুবিধা করতে না পারা পানামার হয়ে হার্ভে দূরপাল্লার শটে ৮৪ মিনিটে গোল করেন। তবে তাতে হার এড়ানো যায়নি। ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। উল্লেখ্য, আরেক প্রস্তুতি ম্যাচে আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন