গর্ডনকে নিয়ে গুঞ্জনই সত্যি হলো । অবশেষে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন অ্যান্থনি গর্ডন । শুক্রবার (২৯মে) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। যা কিনা গর্ডনের কাছে ছোটবেলার স্বপ্নপূরণ হওয়ার মতো।
আনুষ্ঠানিক বিবৃতিতে গর্ডনকে দলে ভেড়ানোর খরচ প্রকাশ করেনি বার্সেলোনা। ইএসপিএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দলবদলের ট্রান্সফার ফি ৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৪৩ কোটি টাকার বেশি।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখেরও আগ্রহ ছিল গর্ডনকে ঘিরে। তবে পাঁচ বছরের জন্য বার্সেলোনাকেই বেছে নিয়েছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। শুক্রবারের অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় কথা বলে সবাইকে কিছুটা চমকই দিয়েছেন তিনি।
তিন বছর বয়স থেকে আমি বার্সেলোনার হয়ে খেলার জন্য উন্মুখ ছিলাম। আমি স্প্যানিশ ভাষায় কথা বলা শিখেছি কারণ ছোটবেলা থেকেই আমার বিশ্বাস ছিল, একদিন বার্সেলোনার হয়ে খেলব। নিউ ক্যাসলে ফিজিওর সঙ্গে নিয়মিতই স্প্যানিশে কথা বলতাম।’
বার্সেলোনা যে আমাকে পেতে আগ্রহী, তা অনেক পরে জানতে পেরেছি। তবে যখনই বুঝতে পারলাম যে তারা আমার ব্যাপারে সিরিয়াস, দ্বিতীয় আর কিছু ভাবিনি। গ্রহের সবচেয়ে বড় ক্লাব বার্সেলোনা। শৈশবের স্বপ্নপূরণের মতো ব্যাপার এটি।
২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে এভারটনের হয়ে ইউরোপা লিগে অভিষেকের মধ্য দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন গর্ডন। ছয় বছর এভারটনে থাকার পর ২০২৩ সালে নিউ ক্যাসলে নাম লেখান ইংল্যান্ডের সম্ভাবনাময় এই উইঙ্গার।
চলতি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম রাউন্ডে কারাবাগ এফসির বিপক্ষে নিউ ক্যাসলের ৬-১ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধেই ৪টি গোল করেন গর্ডন। এর আগে যা করতে পেরেছিলেন শুধু ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড লুইস আদ্রিয়ানো।
এবার নতুন অধ্যায়ে বার্সেলোনায় যোগ দিয়ে আরও সাফল্যের আশা গর্ডনের।
এই ক্লাবের ইতিহাস এবং যারা এই জার্সি গায়ে জড়িয়েছেন, সেইসব অসাধারণ খেলোয়াড়দের গৌরবময় অতীত সম্পর্কে আমি পুরোপুরি সচেতন। আমি এই চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত। এখানে জয়ী হওয়ার জন্য আমার ভেতরে এখন একটি তীব্র ক্ষুধা কাজ করছে।
পূর্বকোণ/ পিবি
















