চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আগামি বিশ্বকাপে দলের প্রস্তুতি কেমন, দেশ ছাড়ার আগে জানালেন অধিনায়ক নিগার

বিশ্বকাপে দলের প্রস্তুতি কেমন, দেশ ছাড়ার আগে জানালেন অধিনায়ক নিগার

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ণ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ২০ দিন। লম্বা সময় হাতে রেখেই আজ (২৪ মে) ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী দলের একাংশ। এর দুদিন পর অর্থাৎ ২৬ মে যাবে দলের বাকি অংশ। ইংল্যান্ডে পৌছানোর আগে স্কটল্যান্ডে স্কটিশ এবং ডাচ নারীদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বিশাল অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

আগামী ১২ জুন শুরু হবে বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতির কথা বলেন নিগার, ‘আমরা শেষ প্রস্তুতি ক্যাম্প এখানে করেছি, তা কাজে দিয়েছে। বিসিবিও আমাদের সুযোগ দিয়েছিল, বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে যেন আমরা এখানে কন্ডিশনিং ক্যাম্প করতে পারি। ওইটা আমাদের সাহায্য করেছে। কিছু প্লেয়ার ভালো পারফর্ম করেছে সর্বশেষ ৩-৪টা ম্যাচে। এখন আমরা আরও কিছু অনুশীলন করব।’

 

তার নেতৃত্বাধীন বিশ্বকাপ দল নিয়ে নিগারের মূল্যায়ন, ‘আসলে টিম কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং দলের মধ্যে সম্পর্কটা কেমন, সেটার ওপরে দল নির্ভর করে। ২০২৩ থেকে আমরা যে ক্রিকেট খেলে আসছি, সেই কম্বিনেশনটাই কিন্তু রয়েছে। দলের মধ্যে যথেষ্ট বিকল্প আছে। বোলিংয়ে বিকল্প আছে, ব্যাটিংয়েও আছে।’

 

গতবার ভারতে অনুষ্ঠিত সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিশ্বকাপ আসরে পা রেখেছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপে যাওয়ার আগে একটু আক্ষেপও করেছিলেন নিগার। এবার অবশ্য তেমন কোনো আক্ষেপের সুর ছিল না তার কণ্ঠে। তবে এবারের প্রস্তুতি নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার।

 

তিনি বলেন, ‘প্রত্যেকবার আইসিসি টুর্নামেন্টের সময় দল আন্তর্জাতিক সিরিজে ওইরকম প্রস্তুতি নিতে পারি না। এবার কিন্তু সেই সমস্যা নেই। কারণ শ্রীলঙ্কার সঙ্গে ৩টা ম্যাচ আমরা অলরেডি খেলেছি এবং সামনে আরও ৪টা ম্যাচ খেলব। আমাদের জন্য এর থেকে আদর্শ প্রস্তুতি আর হতে পারে না। আইসিসি থেকে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ আছে। তাই আমাদের কাছে মনে হয়, প্রস্তুতি ভালো হবে দলের জন্য এভং বড় টুর্নামেন্টের আগে প্রতিটি কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত সময় থাকবে দলে। প্রস্তুতি ম্যাচে যা করা দরকার, আমাদের পাওয়ার মতো ছিল সেগুলো আমরা পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি খেলোয়াড়রা যেন সুযোগ-সুবিধাগুলো কাজে লাগায়।’

 

বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোরও নজরে আসতে চান বলে ইঙ্গিত দিয়েছেন নিগার, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট