চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আসন্ন বিশ্বকাপের জন্য নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল ঢাকা ব্রিটিশ হাই কমিশন

আসন্ন বিশ্বকাপের জন্য নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল ঢাকা ব্রিটিশ হাই কমিশন

অনলাইন ডেস্ক

২২ মে, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল,তাই ক্রিকেটারদের সাহস যোগাতে ‘বিদায় সংবর্ধনা’ দিয়েছে ঢাকার ব্রিটিশ হাই কমিশন।

 

বৃহস্পতিবার হাই কমিশনার সারাহ কুকের দেওয়া এ সংবর্ধনায় ক্রিকেটাররা ছাড়াও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

 

হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত এই ক্রিকেটারদের বিভিন্ন অর্জনকে উদযাপন করার জন্য এই আয়োজন করা হয়।

 

সংসদ সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, রাজনীতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরাও এই আয়োজনে যোগ দেন।

 

হাই কমিশনার সারাহ কুক বলেন, “ক্রিকেট যুক্তরাজ্য ও বাংলাদেশ উভয় দেশের মানুষের একটি জনপ্রিয় খেলা,তাই দুই দেশের মানুষের সঙ্গে মানুষের বন্ধন জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

“বাংলাদেশের নারী ক্রিকেট দলকে আগামী মাসে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং সর্বোচ্চ পর্যায়ের খেলায় তাদের সমর্থন জানানোর প্রতীক্ষায় আছি।”

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজন খেলোয়াড়দের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্য ক্রীড়া সম্পর্ক জোরদার ও খেলার মাধ্যমে নারীর ক্ষমতায়নকে প্রসারের বিষয়ে অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে।

 

ইংল্যান্ড এবং যুক্তরাজ্যের ওয়েলসের কয়েকটি ভেন্যুতে এবার ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

 

পুর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন