চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই পায়ে চোট পেলেন নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই পায়ে চোট পেলেন নেইমার

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৬ | ৬:২৬ অপরাহ্ণ

সকল জল্পনার অবসান কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার।

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েই নতুন করে আবারও কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে সান্তোসের পরের কয়েকটি ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।

তবে এবারের চোট ততটা গুরুতর নয়। আগামী সপ্তাহে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন বলে আশা করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

বুধবার সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব নিশ্চিত করেছেন, নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ফোলা ধরা পড়েছে। স্বস্তির খবর হলো, চোট বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলেই মনে করছেন তিনি। আগামী ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের।

জোগাইব ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যম ‘জি’– কে বলেন, ‘নেইমারের ছোট ধরনের কাফ ইনজুরি হয়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী, সে আগামী সপ্তাহেই জাতীয় দলে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবে।’

বর্তমানে নিজের ব্যক্তিগত স্টাফদের নিয়ে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিচ্ছেন নেইমার। পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের চিকিৎসকরাও তার পায়ের অবস্থা পর্যবেক্ষণে রাখছেন।

মাত্র দুইদিন আগেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে নেইমারের নাম  ঘোষণা করেন। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার আগে এই ইনজুরি নিয়ে আনচেলত্তির কোচিং স্টাফদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল।

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন