বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসি’র কোড অব কনডাক্ট ভাঙার অপরাধে শাস্তি পেলেন পাকিস্তানের সালমান আলী আগা। লেভেল-১ এর আচরণবিধি ভাঙায় সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এই শাস্তি পেলেন তিনি। তিরস্কারের পাশাপাশি সালমানের শাস্তির রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.২ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে আগাকে। এটি মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেটের সরঞ্জাম বা জার্সি, মাঠের যন্ত্রপাতি অথবা স্টেডিয়ামের কোনো জিনিসপত্রের ক্ষতি বা অবমাননা করার সাথে সম্পর্কিত ধারাটি।
গত ২৪ মাসের মধ্যে এটি আগার দ্বিতীয় অপরাধ, ফলে তাঁর ঝুলিতে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে। এর আগের বছর ১৩ মার্চ ঢাকার একটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই একই ধারায় (২.২) ভেঙে প্রথম অপরাধটি করেছিলেন।
ঘটনা সিলেট টেস্টের চতুর্থ দিনের। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে মেজাজ হারিয়ে নিজের ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন আগা।
সালমান নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটলবরো ও আলাউদ্দিন পলক, থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এই অভিযোগটি আনেন।
পূর্বকোণ/আদর
















