চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফিফার সঙ্গে ‘গঠনমূলক’ বৈঠক

বিশ্বকাপ খেলবে ইরান

স্পোর্টস ডেস্ক

১৯ মে, ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মাটিতে আদৌ ফুটবল বিশ্বকাপ খেলবে কি না ইরান, সেই অনিশ্চয়তা অনেকটাই নিরসন হওয়ার দ্বারপ্রান্তে। বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনাই বেশি।

 

ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক করার পর দুই পক্ষই জানিয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। গত শনিবার তুরস্কের ইস্তানবুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের গ্রæপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন বাস্তবতায় ভিসা ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে শঙ্কা তৈরি হলেও বৈঠকের পর ইতিবাচক বার্তা দিয়েছে দুই পক্ষই। গ্রাফস্ট্রম বলেন, ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠকটি খুবই চমৎকার ও গঠনমূলক ছিল। আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছি এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, অন্য সদস্য দেশগুলোর মতোই কিছু পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইতিবাচক মতবিনিময় করতে পেরেছি এবং বৈঠক নিয়ে ফিফা ও ইরান দুই পক্ষই সন্তুষ্ট। এর আগে বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছিলেন, এখনো দলটির জন্য কোনো ভিসা ইস্যু হয়নি। তবে শনিবারের বৈঠকের পর তিনিও সন্তুষ্টি প্রকাশ করেন। তাজ বলেন, আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছি এবং টিম মেল্লির নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।

তুর্কি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকের পর গতকালই তুরস্কে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়ার কথা ইরান ফুটবল দলের। সেখানে আন্তালিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। ইরানের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন পোর্তোর তারকা স্ট্রাইকার মেহদি তারেমি। তবে নেই অভিজ্ঞ ফরোয়ার্ড সারদার আজমুন। জাতীয় দলের হয়ে ৫৭ গোল করা এই ফুটবলার অতীতে বায়ার লেভারকুসেন ও রোমার হয়ে খেলেছেন।

শেয়ার করুন