চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আইপিএলে নারীসঙ্গীর পর এবার রিল তৈরির ওপর বিসিসিআইয়ের বিধিনিষেধ

আইপিএলে ভিডিও-রিলে বিধিনিষেধ, কড়া নজরদারিতে বিসিসিআই

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ৯:৩৮ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দুর্নীতিমুক্ত রাখতে এবং তথ্যের নিরাপত্তা বজায় রাখতে নতুন ডিজিটাল নীতিমালা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিল’ বা ভিডিও তৈরির ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত তথ্যের গোপনীয়তা রক্ষা ও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) এই নির্দেশনাগুলো জোরদার করেছে।

মাঠ ও ড্রেসিংরুমে কড়াকড়ি বিসিসিআইয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, আইপিএল বা বিসিসিআইয়ের লোগো সংবলিত পোশাক পরা অবস্থায় মাঠের কোনো নিষিদ্ধ এলাকায় (পিএমওএ) ভিডিও ধারণ করা যাবে না । সম্প্রতি কয়েকজন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারকে মাঠের ভেতরে শুটিং করতে দেখে সতর্ক করেছে বোর্ড। এখন থেকে সাবেক ক্রিকেটাররাও অনুমতি ছাড়া মাঠের ভেতরে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না।

পরিবার ও হোটেলের তথ্যে নিষেধাজ্ঞা নতুন নীতিমালায় খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জন্যও বিশেষ নিয়ম রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন তারা হোটেল বা স্টেডিয়ামের অভ্যন্তরীণ কোনো মুহূর্তের ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন না । এছাড়া টিম বাসে খেলোয়াড় ছাড়া অন্য কারও (পরিবার বা বন্ধু) যাতায়াতের ওপরও কড়াকড়ি করা হয়েছে । এমনকি ম্যাচ শুরুর ঠিক আগে বা পরে ড্রেসিংরুম বা হোটেল সংশ্লিষ্ট কোনো তথ্য শেয়ার করাকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করবে বিসিসিআই।

তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে পদক্ষেপ বোর্ড লক্ষ্য করেছে যে, অনেক সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে দলের গোপন কৌশল বা একাদশ ফাঁসের ঝুঁকি থাকে । সম্প্রতি এক তারকা পেসারের স্ত্রীকে টিম হোটেলের ভিডিও পোস্ট করায় সতর্ক করা হয়েছে, কারণ এ ধরনের ভিডিও থেকে দলের ভেতরের পরিবেশ ও রণকৌশল সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। বোর্ডের মতে, দলের ভেতরে বাইরের মানুষের অবাধ যাতায়াত তথ্য পাচারের আশঙ্কা বাড়িয়ে দেয়।

ভবিষ্যৎ পরিকল্পনা আইপিএলে এই কড়াকড়ি সফলভাবে নিশ্চিত করার পর, বিসিসিআই ভারতের বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতেও একই ধরনের নিয়ম কার্যকর করার পরিকল্পনা করছে। মূলত ক্রিকেটের স্বচ্ছতা এবং তথ্যের সুরক্ষা নিশ্চিত করতেই বিসিসিআই এই দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট