বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে চতুর্থ হয়েও তারা নাটকীয়ভাবে জায়গা পায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করলেও মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে স্কটিশরা। শিমরন হেটমায়ারের বিধ্বংসী ফিফটি আর রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকসহ পাঁচ উইকেটের ওপর ভর করে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা দারুণ করেছিল স্কটল্যান্ড। পাওয়ার প্লে-তে উইন্ডিজ ব্যাটারদের হাত খুলতে দেয়নি স্কটিশ বোলাররা। দলীয় ৬৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা উইন্ডিজকে কক্ষপথে ফেরান শিমরন হেটমায়ার। মাত্র ২২ বলে অর্ধশতক হাঁকানো হেটমায়ার ৩৬ বলে ৬৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন।
শেষদিকে রভম্যান পাওয়েলের ২৪ রানের ক্যামিওতে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের হয়ে ব্রেড কারি ২৩ রানে ২ উইকেট নেন।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন অধিনায়ক রিচি বেরিংটন এবং টম ব্রুস।
এই জুটি চতুর্থ উইকেটে ৭৮ রান যোগ করলে অঘটনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ২৪ বলে ৪২ রান করে বেরিংটন বিদায় নিলে রানের গতি থমকে যায়।
ম্যাচের ১৭তম ওভারে আসল ম্যাজিক দেখান রোমারিও শেফার্ড। সেই এক ওভারেই তিনি তুলে নেন ৪টি উইকেট, যার মধ্যে ছিল একটি চোখধাঁধানো হ্যাটট্রিক। ২০ রানে ৫ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন তিনি।
শেষ পর্যন্ত স্কটল্যান্ড ১৪৭ রানে অলআউট হয়ে ৩৫ রানের পরাজয় বরণ করে। হারলেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্কটল্যান্ডের এই লড়াই ক্রিকেট প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















