চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক

৪ অক্টোবর, ২০২৫ | ৩:০১ অপরাহ্ণ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। শনিবার (৪ অক্টোবর) আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শেষ হয়ে গেছে ম্যাচ। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতেছে ইনিংস ও ১৪০ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত তিন সেঞ্চুরিতে তাদের ঘাড়ে চাপায় ৪৪৮ রানের বোঝা।

 

দ্বিতীয় ইনিংসে সেই বোঝার চাপেই আর হুড়মুড় করে ধসে যায় সফরকারীরা। রোস্টন চেজের দল অলআউট হয়েছে ১৪৬ রানে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে ৩১ রানে পান ৩ উইকেট। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনে তুলেন ৫৪ রানে ৪ উইকেট।

 

২৮৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৫০ রানেই পাঁচ উইকেট হারায় ক্যারিবিয়ান দল। তিনে নামা আলিক আথানজে ছাড়া প্রথম ছয় ব্যাটারের কেউই থিতু হতে পারেননি। শেষ দিকে জাস্টিন গ্রেইভস ২৫, জেডন সিলস ২২ রান করে কেবল হারের ব্যবধান কমিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন