চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৫ | ১:১৮ অপরাহ্ণ

আগের দিনই গুঞ্জন ছিল- বিসিবির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার ঠিকই নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ।

তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা। আগের দিন তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। এরপর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জনের ডালপালা মেলে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোয় সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম। এছারা নির্বাচন নিয়ে নানান ঘটনা ঘটায় তামিম নিজেই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট