চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ণ

ভারতের উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উড়িষ্যার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
 
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি কিছুটা কমলেও উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে।
 
এদিকে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
জেলাগুলো হলো-ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
 
এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন