জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর এলাকার কার্যালয়ে ঢুকে তারা সভা করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা পরিষদ ভবনের পাশে একত্রিত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সংক্ষিপ্ত সভা করেন। সভা শেষে মিছিল নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান। এর আগে রবিবার রাতে নিষিদ্ধ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেছিলেন।
নিষিদ্ধ ঘোষিত দলের নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশ ও সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে বিকাল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
প্রশ্নের জবাবে তিনি বলেন,‘জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। যেসব কর্মকাণ্ড আইনের মধ্যে পড়ে না বা আইনবহির্ভূত, সেসব বিষয়ে পুলিশ কঠোর আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।’
এই পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। পাশাপাশি বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















