চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

‘৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে মেটানোর লক্ষ্য

‘৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে মেটানোর লক্ষ্য

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ৯:১৯ অপরাহ্ণ

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সহায়ক নীতি প্রণয়ন করা হয়েছে।

সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিবি) পিএলসির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভির পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণের কাজও চলছে।

একই জমিতে বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজ
প্রকল্পটির বিশেষ দিক হচ্ছে, এখানে কৃষিকাজ ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসঙ্গে চালানোর পরিকল্পনা রয়েছে। এজন্য ব্যবহার করা হবে অ্যাগ্রোভোল্টাইক পদ্ধতি। এ পদ্ধতিতে একই জমিতে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের সুযোগ রাখা হবে।

প্রকল্পটির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি) বাস্তবায়নেও সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। কম্পিউটার পরিচালনা, মুঠোফোন মেরামত ও সেলাইয়ের ওপর এসব প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কম্পিউটার ল্যাব স্থাপন এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সোনাগাজীতে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের সম্ভাবনা
সোনাগাজীকে দেশের বড় সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এর অংশ হিসেবে ১৩০ মেগাওয়াটের আরেকটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৩৮৬ একর জমি অধিগ্রহণের প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াটের একটি ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছে ইজিবি।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, আইএসডিবির ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব। এছাড়া ইজিবি পিএলসির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট