“কোনো ডিসেম্বরেই কোনো আপার এ দেশে আসার আর সুযোগ নেই, আর আসলে ফাঁসির মঞ্চ তার জন্য প্রস্তুত আছে।”
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা বলেন।
শনিবার ৭ নভেম্বর বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ’ডিসেম্বর আমাদের প্রতিরোধের মাস, বিজয়ের মাস। একাত্তরে বিজয় লাভ করেছি, চব্বিশেও বিজয় লাভ করেছি, ছাব্বিশেও বিজয় লাভ করব ইনশা আল্লাহ। আগামীর সব ডিসেম্বরে বাংলাদেশের ছাত্র-জনতা বিজয়ী হবে।’
এ সময় তিনি দুই বছরেও জুলাইয়ের শহীদদের বিচার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই প্রতিরোধ শুরু করে।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















