চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৬ | ১১:০৩ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্যে এই দেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায়। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

 

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আইন করে, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের এসব অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এরপর তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়।

 

বিএনপির এই নেতা বলেন, এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। মানুষ চরম অরাজকতায় পড়ে যায়। সবখানে শঙ্কা বিরাজ করে। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।

 

শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে আন্তর্জাতিক দরবারে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বলে জানান রিজভী। তিনি বলেন, তার নেতৃত্বে এই জাতি বহুদলীয় গণতন্ত্র খুঁজে পায়।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট