স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য অকাতরে মানুষের রক্ত ঝরিয়েছে এবং দেশবাসীর ওপর চরম নির্যাতন চালিয়েছে, সেই গণহত্যাকারী আওয়ামী লীগের এই দেশে আর রাজনীতির মাঠে ফেরার সুযোগ হবে না। এমনকি যারা তাদের প্রত্যাবর্তনের পথ সুগম করতে চাইবে, তারাও জনগণের কাছে বর্জিত হবে।’
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি জানান, জাতিসংঘের হিসাব অনুযায়ী এ বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। তাছাড়া বিগত ১৬-১৭ বছরের দীর্ঘ শাসনামলে অসংখ্য মানুষ গুম, খুন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এসব ত্যাগ ও রক্তের বিনিময়েই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত।
দেশের আলেম-ওলামাদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং দ্বীনের রক্ষায় হেফাজতে ইসলাম ও ওলামা-শায়েখরা অনন্য অবদান রেখেছেন। সরকার ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং সংবিধানে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
সেই সঙ্গে কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন। সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড না করে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এমএইচ


















