চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

১৪ জুন, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রবিবার (১৪জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট