চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ১:৩৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আরো বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। তবে পরিস্থিতির প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। নিজ দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 
 
ট্রাম্প বলেন, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাদের অপছন্দের কারণ ছিল। তিনি আরও বলেন, আশ্চর্যজনকভাবে ইসরাইলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে।
 
 
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি।’
 
 
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।’
 
 
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তথ্য দিতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি স্থলপথে ইরানের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন ঠেকাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এর জন্য প্রস্তুত। এখানে আমাদের তিনটি বিমানবাহী রণতরি রয়েছে। আরেকটি মাত্র এসে পৌঁছেছে। সবগুলোই পূর্ণাঙ্গ প্রস্তুত অবস্থায় রয়েছে।’
 
 
নতুন করে সামরিক অভিযান শুরু হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, ইরানের ৩৮টি সেতু এক ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এসব অবকাঠামো ধ্বংস করতে চান না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সেগুলো পুনর্নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে।
 
 
সাক্ষাৎকারের শেষ পর্যায়ে ট্রাম্প আবারও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর দাবি, ‘তারা একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া।’
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট