যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্বের বিষয়গুলো তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস সোফি। ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এসময় বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
পাশাপাশি, রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখবেন। ঢাকায় অবস্থানকালে সোফি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এসময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা ও ক্ষমতায়নের মতো অভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন।
সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানবেন। পাশাপাশি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরবেন।
এছাড়া, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস। একই সঙ্গে, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
এছাড়া, ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজার যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন।
বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি, শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া উদ্যোগগুলোও ঘুরে দেখার কথা রয়েছে।
প্রিন্স এডওয়ার্ড ও সোফির বিয়ে হয় ১৯৯৯ সালের ১৯ জুন। তাদের দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের মার্চে রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাইকে ডিউক অব এডিনবার্গ উপাধি দেন।
এরপর সোফি ডাচেস অব এডিনবার্গ হিসেবে পরিচিতি পান। তিনি যুক্তরাজ্যের রাজপরিবারের একজন কর্মরত সদস্য। নারী ও শিশুদের অধিকার, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন সোফি।
সূত্র: জিও নিউজ
পূর্বকোণ/নুসরাত


















