চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?

বিশ্বকাপ ফাইনাল টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার ভরসা কারা?

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও যদি আর্জেন্টিনা-স্পেন ম্যাচের নিষ্পত্তি না হয়, তখন শিরোপা নির্ধারণ হবে টাইব্রেকারে। আর সেই পরিস্থিতির জন্য লিওনেল স্ক্যালোনির দলে রয়েছে একাধিক নির্ভরযোগ্য পেনাল্টি বিশেষজ্ঞ। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকায় আর্জেন্টিনার আত্মবিশ্বাসও বাড়তি। 

 

এ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে অতিরিক্ত সময় শেষে মাঠে থাকা খেলোয়াড়দের ওপর। কারণ, বিশ্বকাপে প্রতিটি দল ৯০ মিনিটে পাঁচটি এবং অতিরিক্ত সময়ে আরও একটি, অর্থাৎ মোট ছয়টি পরিবর্তনের সুযোগ পায়।

 

সাম্প্রতিক সময়ে টাইব্রেকারে দারুণ সফল আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির অধীনে তারা টানা তিনটি টাইব্রেকারে জয় পেয়েছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে, একই আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এবং ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে।

 

এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে স্ক্যালোনির কোচিং স্টাফের কাছে পেনাল্টি নেওয়ার জন্য কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলারের তালিকা প্রস্তুত রয়েছে।

 

পেনাল্টি নেওয়ার জন্য প্রথম সারিতে রয়েছেন যারা

লিওনেল মেসি:
আর্জেন্টিনার প্রথম পেনাল্টি নেওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য নাম। সাধারণত টাইব্রেকারের প্রথম শটটি তিনিই নেন। যদিও চলতি বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করেছেন, তবু মাঠে থাকলে প্রথম পেনাল্টি নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারই।

 

গঞ্জালো মন্তিয়েল:
টাইব্রেকারে আর্জেন্টিনার অন্যতম বিশেষজ্ঞ। জাতীয় দলের সর্বশেষ তিনটি টাইব্রেকারেই পেনাল্টি নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ২০টি পেনাল্টির মধ্যে ১৮টিতে সফল হয়েছেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা শেষ পেনাল্টিটিও নিয়েছিলেন মন্তিয়েল।

 

লিয়ান্দ্রো পারেদেস:
স্ক্যালোনির আরেক বিশ্বস্ত পছন্দ। ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দুই ম্যাচেই টাইব্রেকারে পেনাল্টি নিয়েছিলেন তিনি। অভিজ্ঞতা ও সাফল্যের কারণে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

 

লাউতারো মার্টিনেজ:
ইন্টার মিলানের এই স্ট্রাইকারও নিয়মিত পেনাল্টি নেন। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে সফল হয়েছিলেন তিনি। তাই সম্ভাব্য তালিকায় তার অবস্থানও শক্ত।

 

হুলিয়ান আলভারেজ:

তিনিও অন্যতম নির্ভরযোগ্য। ২০২৪ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে গোল করেছিলেন। ক্লাব ফুটবলেও নিয়মিত স্পটকিক নেন তিনি।

 

বিকল্প হিসেবে যারা রয়েছেন:

প্রথম পাঁচ জনের বাইরে আরও কয়েকজন ফুটবলার আছেন, যারা প্রয়োজনে পেনাল্টি নিতে পারেন।

 

নিকোলাস ওতামেন্দি: ২০২৪ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল করে দলকে সেমিফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন।

 

আলেক্সিস ম্যাক অ্যালিস্টার: সাম্প্রতিক সময়ে পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কোচিং স্টাফের কাছেও তিনি নির্ভরযোগ্য বিকল্প।

 

এনজো ফার্নান্দেজ: ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করলেও কোচিং স্টাফের আস্থা এখনও রয়েছে তার ওপর। প্রয়োজনে তাকেও দায়িত্ব দেওয়া হতে পারে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট