চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে ১০ গোল: বিশ্বকাপের সর্বোচ্চ গোলের ম্যাচ কোনগুলো?

ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে ১০ গোল, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিল কারা?

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলপ্রেমীরা দেখেছেন এক মহাকাব্যিক থ্রিলার। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে হারিয়েছে ফ্রান্সকে। দুই দল মিলে ১০ গোলের এই লড়াই শুধু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ইতিহাসেই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েনি, এটি ১৯৮২ সালের পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের ম্যাচও।

 

তবে বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ গোলের ম্যাচ নয়। সেই রেকর্ড আজও অটুট ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অস্ট্রিয়া-সুইজারল্যান্ড ম্যাচে। ওই ম্যাচে অস্ট্রিয়া ৭-৫ গোলে জিতেছিল, যেখানে মোট গোল হয়েছিল ১২টি। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আর কোনো ম্যাচে এত গোল হয়নি।

এর ঠিক পরের অবস্থানে রয়েছে তিনটি ম্যাচ, যেখানে হয়েছে ১১টি করে গোল। ১৯৩৮ বিশ্বকাপে ব্রাজিল অতিরিক্ত সময়ে ৬-৫ গোলে হারায় পোল্যান্ডকে। ১৯৫৪ বিশ্বকাপেই আরেকটি গোলবন্যার ম্যাচে হাঙ্গেরি ৮-৩ গোলে উড়িয়ে দেয় পশ্চিম জার্মানিকে। এরপর ১৯৮২ বিশ্বকাপে হাঙ্গেরি ১০-১ গোলে বিধ্বস্ত করে এল সালভাদরকে। এই তিন ম্যাচেই মোট গোল হয়েছিল ১১টি।

অস্ট্রিয়া-সুইজারল্যান্ড
১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অস্ট্রিয়া-সুইজারল্যান্ড ম্যাচটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের ম্যাচ

 

এখন ১০ গোলের ম্যাচ রয়েছে দুটি। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্স ৭-৩ গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে। দীর্ঘ ৬৮ বছর পর সেই তালিকায় যোগ হয়েছে ২০২৬ বিশ্বকাপের ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ইংল্যান্ড ৬-৪ গোলে জিতেছে, যেখানে দুই দলের মিলিয়ে হয়েছে ১০ গোল। ফলে এটি এখন বিশ্বকাপ ইতিহাসের যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলের ম্যাচ। মজার বিষয় হলো, বিশ্বকাপে ১০ গোলের আগের ফ্রান্স-পশ্চিম জার্মানির ম্যাচটিও ছিল তৃতীয় স্থান নির্ধারণী।

 

এর পরের অবস্থানে রয়েছে পাঁচটি ম্যাচ, যেখানে দুই দলের মিলিয়ে হয়েছিল ৯টি করে গোল। প্রথমটি ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনা ৬-৩ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। এরপর ১৯৫৪ বিশ্বকাপে গোলবন্যা যেন নিয়মিত ঘটনাই হয়ে দাঁড়ায়। সেই আসরে হাঙ্গেরি ৯-০ গোলে উড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে, আর পশ্চিম জার্মানি ৭-২ গোলে হারায় তুরস্ককে। একই বিশ্বকাপেই অস্ট্রিয়া-সুইজারল্যান্ড (৭-৫) এবং হাঙ্গেরি-পশ্চিম জার্মানি (৮-৩) ম্যাচে যথাক্রমে ১২ ও ১১ গোল হয়েছিল।

 

১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্স ৬-৩ গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে। দুই দলের সেই লড়াইয়েও হয়েছিল মোট ৯ গোল। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৭৪ বিশ্বকাপে যুগোস্লাভিয়া ৯-০ গোলে বিধ্বস্ত করে জায়ারকে (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)। এই পাঁচটি ম্যাচই বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে পরবর্তী সর্বোচ্চ গোলের ম্যাচগুলোর তালিকায় রয়েছে।

চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলের ম্যাচে গত রাতে ইংল্যান্ডের হয়ে বুকায়ো সাকা হ্যাটট্রিক করেন। ডেকলান রাইস, এজরি কনসা ও জুড বেলিংহাম একটি করে গোল করেন। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ইংল্যান্ড।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট