চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। এতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম পূর্বকোণকে বলেন, গতকাল মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর


















