চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং নগরের বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথকভাবে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেভিড ইমনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
পূর্বকোণ/পিআর


















