চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হককে দুই বছরের জন্য মামলা পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে শাহেদুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গত ১৪ অক্টোবর তিনি নোটিশের জবাব দেন।
পরে ওই দিন বিকেলে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। তবে ওইদিন শুনানির সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছেন, আর ভুল করবেন না। আদালতের কাছে জামিন চান তিনি।
ঘটনার দিন আদেশে বিচারক উল্লেখ করেন, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তির কথা জানালেও শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন আদালত।


















