চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রধান আসামি ওয়াকিল হোসেন বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। মঙ্গলবার প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত দিনে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপর ১২ আসামি। শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, রকি হোসেন ওরফে পিচ্চি, মনির হোসেন ইমন, শাকিল, আবুল হাসান ওরফে কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, নওশাদ, সোহেল ওরফে ব্লেড সোহেল, আবুল কাশেম ওরফে আবু কাশেম, রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।
পূর্বকোণ/পিআর


















