চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মিরসরাইয়ে সিসিটিভি লাগানো নিয়ে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ৬

মিরসরাইয়ে সিসিটিভি লাগানো নিয়ে সংঘর্ষ, বৃদ্ধাসহ আহত ৬

মিরসরাই সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৬ | ১২:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঘটা এই সংঘর্ষে এক বৃদ্ধাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন— মো. আলমগীর (৫৫), সুফিয়া খাতুন (৭৫), রোকেয়া আক্তার (৪৪), সেলিনা আক্তার (৫৫), ফারহানা আক্তার সুমি (৩৫) এবং মুসলিম উদ্দিন (৩০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মো. আলমগীরের একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মুসলিম উদ্দিনের পরিবারের সাথে বাকবিতণ্ডা হয়। এই ঘটনার প্রেক্ষিতে এবং বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিকেলে আলমগীরের পরিবার সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়। সিসিটিভি লাগানোর সময় মুসলিম উদ্দিন, সাইদুল ইসলাম এবং তাদের বাবা আবুল কাশেমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

আলমগীরের ভাই মোহাম্মদ হারুন জানান, হামলাকারীরা রোজাদার নারীসহ পরিবারের সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং পুরো বাড়ি ঘেরাও করে রাখে। পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

অন্যদিকে, অভিযুক্ত সাইদুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি জায়গা নিয়ে বিরোধের জেরে আলমগীরের পরিবার তাদের ওপর আগে হামলা চালিয়েছে।

 

তিনি জানান, সিসিটিভি ক্যামেরা লাগাতে নিষেধ করায় সংঘর্ষ বাধে এবং এতে তার ভাই মুসলিম উদ্দিন গুরুতর আহত হন।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

 

তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট