চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

এসএসসি পরীক্ষার আগে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে টাকা হাতাতো প্রতারক, অবশেষে ধরা

কক্সবাজার প্রতিনিধি

১ মে, ২০২৬ | ১:৩৬ অপরাহ্ণ

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতা সালাহউদ্দিন আহমেদকে (১৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাহউদ্দিন কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সালাহউদ্দিন পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। এরপর নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্নপত্র তৈরি করত। পরীক্ষার আগের রাতে প্রশ্নগুলো দেওয়ার নাম করে সে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করত এবং অর্থ পাওয়ার পরপরই ভুক্তভোগীদের ব্লক করে দিয়ে লাপাত্তা হয়ে যেত।

র‍্যাব জানায় আরও জানায়, র‍্যাব-১৫ জানতে পারে- মেরিন ড্রাইভের দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে অবস্থান করে একটি চক্র ডিজিটাল মাধ্যমে এই প্রতারণা চালাচ্ছে। গতকাল বিকেলে র‍্যাব ওই স্থানে অভিযান পরিচালনা করলে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫-এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট