চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ তায়েফ নামের ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় শাকপুরা চৌমুহনী এলাকার একটি ওয়ার্কশপে কাজ শিখত।
স্থানীয় বাসিন্দা মো. সাগরের ভাষ্যমতে, তায়েফ দুপুর ১২টার দিকে পাড়ার অন্য ছেলেদের সাথে পুকুরে গোসল করতে গিয়েছিল। তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছিল। তায়েফ সাঁতার জানত, কিন্তু সাঁতার কেটে যাওয়ার এক পর্যায়ে সে হঠাত পুকুরের পানিতে তলিয়ে যায়। তায়েফ পানি থেকে উঠে না আসায় দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করা হয়। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে জাল ব্যবহার করে তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
কিশোর তায়েফের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















