চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

সর্বশেষ:

কুতুবদিয়ায় গ্যারেজে আগুন: ২১টি অটোরিকশা ভস্মীভূত, ক্ষতি ৩৫ লাখ টাকা

কুতুবদিয়ায় গ্যারেজে আগুন: ২১টি অটোরিকশা ভস্মীভূত, ক্ষতি ৩৫ লাখ টাকা

কুতুবদিয়া সংবাদদাতা

১ মে, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে ২১টি অটোরিকশা (টমটম) পুড়ে ছাই হয়ে গেছে।

 

শুক্রবার (১ মে) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথায় নেজাম উদ্দিনের মালিকানাধীন গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিক দিবসের এই দিনে কাজ হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ২১টি পরিবারের সদস্যরা।

 

গ্যারেজ মালিক জানান, ভোর রাতে চার্জে লাগানো একটি গাড়ির ব্যাটারি থেকে প্রথম আগুনের সৃষ্টি। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে ২১টি অটোরিকশা ছাড়াও একটি শক্তিশালী জেনারেটর এবং একটি আইসক্রিম ভ্যান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

অটোরিকশাগুলো হারিয়ে অনেক চালক এখন নিঃস্ব হয়ে পড়েছেন, কারণ অনেকেরই এই বাহনগুলো ধার-দেনা বা সুদের টাকায় কেনা ছিল। এছাড়া ৪-৫ জন চালকের যানবাহনে রাখা নগদ টাকা এবং জমিজমার দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে গেছে বলে জানা গেছে।

 

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমদ জানান, গ্যারেজ মালিক সরাসরি ফায়ার সার্ভিসকে না জানিয়ে প্রথমে ৯৯৯-এ কল করায় তথ্য পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। শুরুতে সরাসরি খবর দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট