কক্সবাজারের পেকুয়া টৈটং ইউনিয়নের সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা নতুন বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় টৈটং বিটের আওতাধীন ফজুমোরা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি মো. রিদুয়ান রহমান সংরক্ষিত বনভূমির সরকারি জমিতে অবৈধভাবে নতুন ঘর নির্মাণ করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত এই অভিযান চালানো হয়। উপকূলীয় বনাঞ্চলে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধে বন বিভাগের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন টৈটং বিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন। এ সময় বারবাকিয়া রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অবৈধভাবে নির্মাণাধীন বসতঘরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়।
বিট কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন জানান, রিজার্ভ বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বন বিভাগের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, “সরকারি সংরক্ষিত বনভূমি রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে বনভূমি দখল বা স্থাপনা নির্মাণে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















