চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

সর্বশেষ:

একদিনেই ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং নতুন রেকর্ড এনসিটিতে

চট্টগ্রাম বন্দর

একদিনেই ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং নতুন রেকর্ড এনসিটিতে

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টার্মিনালটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা এ টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

 

একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা সামগ্রিক কার্যক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আজ শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করেন।

 

বন্দর কর্তৃপক্ষ জানায়, সমন্বিত ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ পরিচালনার ফলেই এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলনেই এই অর্জন হিসেবে দেখছে বন্দর কর্তৃপক্ষ।

 

এর আগে চলতি বছরের ১১ এপ্রিল এই এসসিটি টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড গড়া হয়েছিল। মাত্র অল্প সময়ের ব্যবধানে নতুন রেকর্ড স্থাপন বন্দরের ক্রমবর্ধমান সক্ষমতা ও কার্যদক্ষতার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মে দিবসকে সামনে রেখে অর্জিত এ সাফল্য বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের প্রতি উৎসর্গ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হচ্ছে।

 

বন্দর সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করবে।

 

এই অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট