চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

সর্বশেষ:

ডোবার পানিতে ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ

ডোবার পানিতে ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ

অনলাইন ডেস্ক

১ মে, ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

আজ শুক্রবার (১ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোবার পানিতে ভাসমান ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় গত বৃহস্পতিবার বিকেলের দিকে বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখেন স্থানীয়রা। শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারি স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ করা এসব ওষুধ এভাবে পানিতে ফেলে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

ধনতলা গ্রামের বাসিন্দারা অভিযোগ করে জানান, ওই কমিউনিটি ক্লিনিকটি নিয়মিত খোলা হতো না এবং অধিকাংশ সময় রোগীরা সেবা নিতে গিয়ে সেটি বন্ধ পেতেন। স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকলেও ওষুধ চাইলে রোগীদের প্রায়ই জানানো হতো যে ‘ওষুধ নেই’। অথচ এখন বিপুল পরিমাণ ওষুধ ডোবায় ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে।

 

স্থানীয়দের ধারণা, রোগীদের না দিয়ে জমিয়ে রাখায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং পরে তা গোপনে ডোবায় ফেলে দেওয়া হয়েছে। চরাঞ্চলের সাধারণ মানুষ এসব ওষুধ পেলে অনেক উপকৃত হতেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে ওই ক্লিনিকে অতিরিক্ত দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, তিনি ডোবার পানিতে ওষুধ পাওয়ার বিষয়ে কিছুই জানেন না।

 

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি তারা অবগত হয়েছেন । ঘটনাটি তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট