চট্টগ্রাম শুক্রবার, ০১ মে, ২০২৬

সর্বশেষ:

আজ থেকে আরও একমাস ৪ গুণ স্টোর রেন্ট মওকুফ

চট্টগ্রাম বন্দর

আজ থেকে আরও একমাস ৪ গুণ স্টোর রেন্ট মওকুফ

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর অভ্যন্তর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা আমদানিপণ্যবাহী এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারের ওপর আরোপিত ৪ গুণ স্টোর রেন্ট আরও একমাসের জন্য মওকুফ করা হয়েছে। তবে এই সুবিধা খালি কনটেইনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

আজ ১ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকেরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালকের (ট্রাফিক) দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখা এবং কনটেইনার জট কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বন্দর সূত্র জানায়, এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় সাশ্রয় হবে। স্টোর রেন্ট মওকুফ থাকায় আমদানিকারকদের অতিরিক্ত খরচ কমবে, যা সরাসরি পণ্যের আমদানি ব্যয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে বাজারে পণ্যের মূল্য কিছুটা কমার সম্ভাবনা তৈরি হবে এবং এর সুফল ভোক্তা পর্যায়েও পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এ ছাড়া ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এবং দ্রুত পণ্য খালাসে উৎসাহিত করতেই এ ধরনের প্রণোদনামূলক সুবিধা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট আমদানিকারকদের দ্রুততার সঙ্গে কনটেইনার ডেলিভারি গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে।

 

এর আগে বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর আরোপিত ৪ গুণ স্টোরেজ চার্জ স্থগিত রাখা হয়েছিল, যা সর্বশেষ ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে এ সুবিধার মেয়াদ আরও একমাস বাড়ানো হলো।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে বন্দরের ইয়ার্ডে জমে থাকা কনটেইনার দ্রুত খালাস হবে, কমবে জট এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক গতি ফিরে আসবে। একই সঙ্গে ব্যয় কমায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে সহায়ক ভূমিকা রাখবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট