চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

থানচিতে নানা আয়োজনে ‘মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে’ উৎসব সম্পন্ন

থানচির পাহাড়ে উৎসবমুখর ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ সম্পন্ন

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে’ বা প্রবারণা পূর্ণিমা সম্পন্ন হয়েছে।

গত রবিবার শুরু হওয়া চার দিনব্যাপী এই উৎসব আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিভিন্ন ধর্মীয় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রায় ১১৫টি মারমা গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উৎসবের শেষ দিনে সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী ‘ক্কলোমপঙ্খি রথ’ বিসর্জন দেওয়া হয়। এর আগে রথ শোভাযাত্রা, ফানুস ওড়ানো, হাজার প্রদীপ প্রজ্বালন, পিণ্ডদান, ঘিলা খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ঐতিহ্যবাহী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাহাড়ের মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা ও বড়ুয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উৎসব উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক জয় মারমা ও কোষাধ্যক্ষ উশৈওয়ান মাস্টার বলেন, সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও সফলভাবে এ ঐতিহ্যবাহী উৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী বর্ষাবাসের তিন মাস সাধনা শেষে আশ্বিনী পূর্ণিমায় প্রবারণা উৎসব পালিত হয়।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন