চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মাঠে খেলতে খেলতে পর্তুগিজ ফুটবলারের আকস্মিক মৃত্যু

মাঠে খেলতে খেলতে পর্তুগিজ ফুটবলারের আকস্মিক মৃত্যু

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ

অনুশীলন ম্যাচ খেলতে খেলতে মাঠে হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারালেন পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো।পর্তুগালের লিসবনে পর্তুগালের মালভেইরায় এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে এক প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নেমেছিলেন রিয়াল স্পোর্ত ক্লুবে দে মাসামার এই মিডফিল্ডার। ম্যাচ শুরুর মাত্র দশ মিনিটের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি।

 

তাৎক্ষণিকভাবে মাঠে উপস্থিত চিকিৎসকেরা তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং এস্ত্রেলা দা আমাদোরার একজন চিকিৎসকের উপস্থিতিতে তাকে ডিফিব্রিলেটরের মাধ্যমে শকও দেওয়া হয়। দ্রুত খবর দেওয়া হয় পর্তুগালের জাতীয় জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা ‘আইএনইএমকে’।

 

সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।হৃদয়বিদারক এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদাকালো ছবি শেয়ার করেছিলেন কাস্ত্রো।

 

সেখানে একটি পতাকার ছবির সাথে তিনি লিখেছিলেন, ‘জিজাস ইজ কিং’ (যিশুই রাজা)। নিজের সেই বিশ্বাসের বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ ফুটবলার।

 

২০২৬ মৌসুমের জন্য পর্তুগিজ ক্লাব রিয়াল স্পোর্ত ক্লুবে দে মাসামার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন কেভিন কাস্ত্রো। এর আগে ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন বরোর হয়ে মিডফিল্ডার হিসেবে মাঠ মাতিয়েছিলেন তিনি। এছাড়া ২০২৬ সালের জুলাই মাসে ফিফা বিশ্বকাপ চলাকালে আরএফআই-কে একটি সাক্ষাৎকারও দিয়েছিলেন কাস্ত্রো, যেখানে দলগুলোর প্রস্তুতি নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছিলেন এই ফুটবলার।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট