চলতি বিশ্বকাপে স্পেনের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়ার পর এবার উরুগুয়েকেও চমকে দিয়েছে বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে। ২-২ গোলে ড্র ম্যাচের ফলাফলই সবকিছু বলছে না। ২২ জুন সোমবার ভোররাত ৪টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়ের সাথে সমানতালে লড়েছে কেপ ভার্দে। সুবাদে শক্ত প্রতিপক্ষের কাছ থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। এইচ গ্রুপে উরুগুয়ে ও কেপ ভার্দে ২ ম্যাচে ড্র করে ২ পয়েন্ট করে জড়ো করতে পেরেছে। ২১ জুন রাতে স্পেন ৪-০ গোলে সৌদি আরবকে হারানোয় তাদের পয়েন্ট এখন ৪। সেই সুবাদে ২৭ জুনই ফয়সালা হবে নক-আউটে কারা যাচ্ছে।
উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচে বল পজিশনে পিছিয়ে থাকলেও ২১ মিনিটে প্রথম লিডটি নেয় কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ৩০ গজ দূরত্বের ফ্রি-কিক থেকে গোল করেন কেপ ভার্দের কেভিন পিনা। এটাই জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ গোল। আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করলেন তিনি। এর আগে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।
৪৪ মিনিটে সমতায় ফিরে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উড়ে আসা বল কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বলকে জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। ৬১ মিনিটে এবার সমতায় কেপ ভার্দে। বদলি নেমেই গোল পান হেলিও ভারেলা। গোলটির জন্য অবশ্য দায় এড়াতে পারেন না উরুগুয়ের রক্ষণের মাতিয়াস অলিভেরা ও গোলকিপার ফার্নান্দো মুসলেরা। বল কিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি। এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা দূরপাল্লার শটে ভার্দেকে অবিশ্বাস্য ম্যাচটি উপহার দিয়ে সমতায় ফেরান। এরপর চেষ্টা করেও গোল পায়নি কোন দল। ম্যাচের সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ১৬টি শটে উরুগুয়ে পোস্টে রাখতে পারে মাত্র ২টি। অন্যদিকে ১১ শটের ৪টিই লক্ষ্যে ছিল কেপ ভার্দের।
















