চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বাইতুল্লাহর পানে যাত্রার মাঝেই চিরতরে থেমে গেল নাসরুল্লাহর জীবন

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলা

বাইতুল্লাহর পানে যাত্রার মাঝেই চিরতরে থেমে গেল নাসরুল্লাহর জীবন

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ

আকাশের অসীম নীলিমায় যখন ডানা মেলেছিল রিয়াদ এয়ারলাইন্সের ফ্লাইটটি, তখন ৩১,৮৪৬ ফুট উঁচুতে বসে এক গভীর আবেগে প্লাবিত হচ্ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। বুকভরা আশা, চোখে স্বপ্নের দীপ্তি আর অন্তরে মহান আল্লাহর ঘর বাইতুল্লাহ যিয়ারতের ব্যাকুল আকুলতা।
 
যাত্রীটি ছিলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের পুত্র নাসরুল্লাহ বদরপুরি। পিতা মাতার জীবনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে পাড়ি জমিয়েছিলেন পবিত্র ভূমির উদ্দেশ্যে।
 
শনিবার (১০ অক্টোবর) রিয়াদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আকাশপথে সফর চলাকালে বিমান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস ও আকুতির কথা প্রকাশ করেন নাসরুল্লাহ। তিনি লেখেন, জীবনের সেরা সফরের দিকে এগিয়ে চলছেন এবং বাইতুল্লাহ যিয়ারতের গভীর আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন আর মাত্র অল্প সময়। একই সাথে সফরটি সহজ ও কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান তিনি।
 
ফ্লাইটটি সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর কাফেলাসহ ট্রানজিটে অবস্থান নেন নাসরুল্লাহ। বিমানবন্দরে অবস্থানকালেও সামাজিক মাধ্যমে তিনি জানান, তাদের কাফেলা নিরাপদে পৌঁছেছে এবং বিমানবন্দরে জোহরের সালাত আদায় করে পরবর্তী গন্তব্যে এগিয়ে যাবেন।
 
তবে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আর পৌঁছানো সম্ভব হয়নি তার। ট্রানজিটের অপেক্ষার প্রহরেই বিমানবন্দরের টার্মিনাল-৩-এ হঠাৎ একটি ঘাতক ক্ষেপণাস্ত্র এসে পড়ে। বিকট বিস্ফোরণে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। ধ্বংসস্তূপ ও রক্তপাতের মধ্যে অন্যান্য হতাহতদের সাথে প্রাণ হারান নাসরুল্লাহ বদরপুরি।
 
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত, রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত দুই বাংলাদেশির একজন নাসরুল্লাহ বদরপুরি।
 
তার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। শোকবার্তায় তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।
 
এদিকে, বাইতুল্লাহ যিয়ারতের সুখবর শোনার বদলে নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পৌঁছাতেই তার গ্রামের বাড়ি কুমিল্লার বদরপুরে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা এখন তার নিথর দেহটি শেষবারের মতো দেখতে ও দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট