চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী সমীপে

পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম অনেক পিছিয়ে

ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সম্পাদক

২০ অক্টোবর, ২০২৬ | ৮:৫২ পূর্বাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এ অঞ্চলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ প্রত্যাশাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার একটি মূল্যবান সুযোগ। এর মধ্যে অন্যতম- চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিকমানের ক্যান্সার কেয়ার সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা।
সমন্বিত ক্যান্সার চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকায় বহু রোগীকে ঢাকায় যেতে হয়, সামর্থ্যবানদের অনেকে বিদেশমুখী হন। এতে রোগী ও পরিবারের দুর্ভোগ বাড়ে, ঢাকার চিকিৎসাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয় এবং বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।
চট্টগ্রামে দক্ষ ও নিবেদিত চিকিৎসক, অনকোলজিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবী রয়েছেন। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের নীতিগত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় একটি পূর্ণাঙ্গ ক্যান্সার কেয়ার সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার কার্যকর পদক্ষেপ এখনই নেওয়া যেতে পারে।
এমন কেন্দ্র চট্টগ্রাম ও আশপাশের মানুষের চিকিৎসা সহজ করবে, ঢাকার ওপর চাপ ও বিদেশমুখী চিকিৎসা কমাবে। পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগকারী ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত বিশেষায়িত স্বাস্থ্যসেবার আস্থা তৈরি করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মান ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রতিবেশী দেশের রোগীদের আকৃষ্ট করার সম্ভাবনাও তৈরি হতে পারে।
দৈনিক পূর্বকোণ আশা করে, প্রধানমন্ত্রীর এই সফরে চট্টগ্রামের মানুষের এই গুরুত্বপূর্ণ প্রত্যাশা যথাযথ প্রাধান্য পাবে এবং একটি পূর্ণাঙ্গ ক্যান্সার কেয়ার সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপের সূচনা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট