
জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠান। এতে সন্দ্বীপগামী যাত্রীদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্পিডবোট চলাচলকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজ জানায়, দেশে ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় অকটেন ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কুমিরা–গুপ্তছড়া নৌরুটে চলাচলকারী স্পিডবোট সার্ভিসে। জ্বালানির স্বল্পতার কারণে স্পিডবোট পরিচালনা করা সম্ভব না হওয়ায় আদিল এন্টারপ্রাইজ আপাতত এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে যাত্রীদের যাতায়াত পুরোপুরি বন্ধ না রাখতে বিকল্প হিসেবে সার্ভিস বোট চলাচল অব্যাহত রাখা হয়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘাট কর্তৃপক্ষের পক্ষে গোফরান উদ্দিন বলেন, ‘বর্তমানে অকটেন ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় স্পিডবোট চালানো সম্ভব হচ্ছে না। তাই যাত্রীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই আবার স্পিডবোট সার্ভিস চালু করা হবে।’
স্পিডবোট চলাচলকারী অন্য প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ জানায়,তাদের স্পিডবোটগুলো ডকে থাকায় ইতোমধ্যে তাদের সার্ভিস বন্ধ রয়েছে।
অন্যদিকে যাত্রীদের পক্ষ থেকে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান বলেন, ‘হঠাৎ করে স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় সন্দ্বীপের জরুরি প্রয়োজনে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে স্পিডবোট চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পুনরায় এ নৌরুটে স্পিডবোট চলাচল শুরু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
পূর্বকোণ/পিআর