চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হাটহাজারী বালিকা বিদ্যালয় সড়কের প্রধান ফটকের সামনে হাঁটু সমান পানি জমে থাকায় ১ হাজার এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সামান্য বৃষ্টির পানিতে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সড়কটি তলিয়ে যায়। ওই কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্থানের ৭টি বিদ্যালয়ের ৮৩৭ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। দুপুর ১টায় পরীক্ষা শেষ হলেও বিদ্যালয়ের সামনে হাঁটু সমান পানি জমে থাকায় পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হতে পারেনি। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর পরীক্ষার্থীদের অত্যন্ত কষ্ট করে নোংরা পানি দিয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়।
পরীক্ষার্থী মোবাশ্বের জানায়, কেন্দ্রের সামনে হাঁটু পরিমাণ পানি থাকায় তারা সময়মতো বের হতে পারেনি এবং ৩০ মিনিট অপেক্ষা করে বের হতে হয়েছে। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটি গত ৭-৮ বছর ধরে কোনো সংস্কার বা উন্নয়ন করা হয়নি। তিনি আরও জানান, সড়ক সংস্কারের জন্য ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিকবার পৌরসভার কাছে লিখিত আবেদন করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমান বর্ষা মৌসুমে পরীক্ষা চলাকালীন অন্তত দ্রুত ড্রেন পরিষ্কার ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে এবং অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ফলেই সামান্য বৃষ্টিতে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ






















