বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার ও মহেশখালী উপকূলে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঝড়ো হাওয়া শুরু হলে এই নৌ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।
কক্সবাজার জেলা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। উদ্ভূত পরিস্থিতিতে সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান মাহমুদ ডালিম জানান, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার পর থেকে সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীদের পারাপারের জন্য সি-ট্রাক সার্ভিস এখনও সচল রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ দুপুর থেকে আকাশ মেঘলা হওয়ার পর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















