চট্টগ্রাম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানের আলীকদমে হামের পর এবার ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের পর এবার ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

বান্দরবান সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৬ | ৮:১০ অপরাহ্ণ

বান্দরবানে আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।

 

সোমবার (২৭ এপ্রিল)  উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আলীকদম সদর ইউনিয়নের চিউনি পাড়া, নয়াপাড়া ইউনিয়নের মেনথন পাড়াসহ আশপাশের বেশ কয়েকটি ম্রো পাড়ায় এই রোগ ছড়িয়ে পড়েছে। মূলত দুর্গম অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব এবং বৃষ্টির পর পাহাড়ের ঝিরি-ঝর্ণা থেকে আসা দূষিত পানি পান করায় এই রোগের সংক্রমণ ঘটছে।
একটি পাড়ার সাথে অন্য পাড়ার ঝিরিগুলোর সংযোগ থাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।

 

বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি আছেন। আক্রান্তদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন—রুমনাম ম্রো (৬৩), তংক্লাং ম্রো (৬৩), যেনক্রাত ম্রো (৪৮), সংকু ম্রো (৩০), প্রেংপিয়ো ম্রো (৩), যেনপিয়ো ম্রো (৭), লেংরুং ম্রো (১৪), যেনলত (১০), কাইরুক (১২) এবং থাওপয় ম্রো (২৬)। এদের মধ্যে রুমনাম ও লেংরুং ম্রো-এর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসান জানিয়েছেন, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি অস্থায়ী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া এলাকায় আগে ছড়িয়ে পড়া হামের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট