বিশ্ব জ্বালানি রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি যুগান্তরের সৃষ্টি করে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা তেমনই এক ঘটনা। এটি শুধু একটি সংগঠন ত্যাগ নয়; বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, তেলের বাজারের নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ, সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
সংকটের প্রেক্ষাপট: যুদ্ধ, অনিশ্চয়তা ও জ্বালানি ধাক্কা
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় সেটিও নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র ওঠানামা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে ওপেকের ভেতরে ঐক্য ধরে রাখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ঠিক এই সময়েই ইউএইয়ের প্রস্থান প্রমাণ করে সংগঠনটির অভ্যন্তরীণ সংহতি আগের মতো নেই।
ইউএই কেন এই সিদ্ধান্ত নিল?
এই সিদ্ধান্তের প্রথম কারণ হতে পারে ‘নিরাপত্তা সংকট’। ইরানের হুমকি ও আঞ্চলিক অস্থিরতার মুখে ইউএই মনে করছে, তার কৌশলগত স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় ‘উৎপাদন স্বাধীনতা’। ওপেকের কোটা নিয়ন্ত্রণ ব্যবস্থা ইউএইয়ের উচ্চাভিলাষী উৎপাদন পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছিল। তারা এখন নিজেদের সুবিধামতো উৎপাদন বাড়াতে চায়। তৃতীয় যে কারণটি হতে পারে তা হলো ‘সৌদি আরবের সঙ্গে নীতিগত দূরত্ব’। দীর্ঘদিনের মিত্রতা থাকা সত্ত্বেও বাজার কৌশল, আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক প্রতিযোগিতায় দুই দেশের মধ্যে সূক্ষ্ম দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে।
ওপেকের জন্য এর তাৎপর্য
ওপেকের শক্তি সবসময় তার ঐক্যে নিহিত ছিল। ইউএইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ উৎপাদক দেশ বেরিয়ে যাওয়ায় সেই ঐক্য মারাত্মকভাবে দুর্বল হলো। এটি একটি ‘ডমিনো ইফেক্ট’ তৈরি করতে পারে এবং অন্য সদস্য দেশগুলোও নিজেদের স্বার্থে আলাদা পথ বেছে নিতে উৎসাহিত হতে পারে। ফলে ওপেকের মূল্য নিয়ন্ত্রণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব
এই সিদ্ধান্তের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উভয় প্রভাবই গভীর। যেমন-
মূল্য অস্থিরতা বাড়বে: সমন্বিত উৎপাদন নীতি ভেঙে গেলে বাজারে অনিশ্চয়তা বাড়বে।
ভোক্তা দেশগুলোর জন্য সুযোগ: তেলের দাম নিয়ন্ত্রণে কিছুটা সুবিধা পেতে পারে আমদানিনির্ভর দেশগুলো।
জ্বালানি রূপান্তরের গতি ত্বরান্বিত হতে পারে: নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁক আরও বাড়বে।
বাংলাদেশের জন্য কী বার্তা?
ইউএই’র ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়া বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য একটি সতর্ক সংকেত। এর ফলে বাংলাদেশের জন্য তিন কাজ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তা হলো- জ্বালানি উৎস বহুমুখীকরণ, দীর্ঘমেয়াদি এলএনজি ও তেল সরবরাহ চুক্তি পুনর্বিবেচনা এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানা।
ইউএইয়ের এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা দেয়। সেটি হলো, বিশ্ব এখন আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। জ্বালানি রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, যেখানে জাতীয় স্বার্থই প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে। ওপেক হয়তো এখনও প্রাসঙ্গিক, কিন্তু তার একচ্ছত্র আধিপত্যের যুগ যে শেষের পথে, তা আর অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের জন্য এখনই সময় বাস্তববাদী ও দূরদর্শী জ্বালানি কৌশল গ্রহণের।





















